ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের জারি করা আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।
সোমবার (২০ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের গত ১৩ জানুয়ারির ৫ নম্বর অফিস স্মারকের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রীটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো: আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
হাইকোর্টের রুলে বলা হয়েছে, ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের গত ১৩ জানুয়ারি তারিখের ৫ নম্বর অফিস স্মারক কেন অকার্যকর ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি নোটিশ দেয়া হয়।
হাতিয়া দ্বীপ সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন গত ফেব্রুয়ারি মাসে রীটটি দায়ের করেন। রীটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. মুহাম্মাদ সাজ্জাদ হোসেন (বাবু)।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।



