গাজীপুরের ভুরুলিয়ার মাঝিরখোলা এলাকায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। অবরোধের ফলে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিমুলতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া মাঝিরখোলা রেলক্রসিং এলাকায় পৌঁছে সেখানে অবরোধ কর্মসূচি শুরু করে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা নির্ধারণ করা হলে, ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ না ছাড়ার ঘোষণা দেন।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, সকাল ১০টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত জয়দেবপুর জংশন হয়ে কোনো রুটেই ট্রেন চলাচল সম্ভব হয়নি। এ সময় বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, চিলাহাটি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেসসহ কমপক্ষে ১৮টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
তিনি আরো জানান, বিক্ষোভকারীরা রেলক্রসিং গেট এলাকার চারটি ব্যারিয়ার ভেঙে ফেলেন। সারাদিন অবরোধ কর্মসূচি পালনের পর সন্ধ্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলনকারীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



