তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুটের ঘটনায় ৮টি নৌকা বিনষ্ট

সুনামগঞ্জের তাহিরপুরের শান্তিপুর নদী থেকে অবৈধভাবে ও সরকারিভাবে দেয়া বাঁশের ব্যারিকেড ভেঙে বালু লুট করার ঘটনায় ৮টি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা বিনষ্ট করা হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুটের ঘটনায় ৮টি নৌকা বিনষ্ট
তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুটের ঘটনায় ৮টি নৌকা বিনষ্ট |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরের শান্তিপুর নদী থেকে অবৈধভাবে ও সরকারিভাবে দেয়া বাঁশের ব্যারিকেড ভেঙে বালু লুট করার ঘটনায় ৮টি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা বিনষ্ট করা হয়েছে।

সোমবার বিকেল ৩টা হতে রাত ৮:০০টা পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তঘেঁষা শান্তিপুর গ্রামের পাশে ইজারাবিহীন নদীতে বালুখেকো চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এর ফলে এই এলাকার প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এরপর প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড দেয়া হয় যেন কেউ এই এলাকায় আসতে না পারে। কিন্তু বালুখেকো চক্রটি আজকে সেই বাঁশের ব্যারিকেড ভেঙে বালু লুট করছিল।

এ সময় সংবাদ পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ বাস্তবায়নে উপজেলার শান্তিপুর নদী ও তৎসংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় প্রায় ৮টি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা বিনষ্ট করা হয়।

এ সময় স্থানীয় ইউপি সদস্য, তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

তিনি জানান, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ক্ষতিগ্রস্ত বাঁশের ব্যারিকেড দ্রুত মেরামত করতে তাগিদ দেয়া হয়েছে। একই সাথে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকেই ছাড় দেয়া হবে না।