কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তার পাশে খেলার সময় ভিমরুলের কামড়ে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আকাশ (১০) ও সাইফ (৪) নামে আরো দুই শিশু।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমেক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশু মোস্তাকিম উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের নেছার উদ্দিনের ছেলে। আহত দুই শিশু নেছার উদ্দিনের ভাতিজা।
জানা যায়, সোমবার দুপুরে (২৭ জুলাই) শিহর গ্রামের রাস্তার পাশের মাঠে শিশু মোস্তাকিম তার চাচাত ভাইদের সাথে ফুটবল খেলছিল। এ সময় পাশের পেয়ারা গাছে থাকা ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। একপর্যায়ে অসংখ্য ভিমরুল তাদের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কামড় দিলে মোস্তাকিম একটু দৌড় দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যরা অতিরিক্ত ব্যথায় চিকিৎকার করতে থাকে।
তাদের চিৎকারে এলাকাবাসী এসে আহত অবস্থায় শিশুরদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিন শিশুর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিম মারা যায়। বাকি দু’জনের চিকিৎসা চলছে।
এ বিষয়ে শিহর গ্রামের শহীদ বলেন, দুপুর বেলায় তারা তিনজন খেলা করছিল। তারা জানত না মাঠের পাশে ভিমরুলের বাসা আছে। হঠাৎ ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। পরে গ্রামের কয়েকজন আগুন হাতে নিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় আরো ভিমরুলের বাসা রয়েছে। দ্রুত বাসাগুলো গুঁড়িয়ে দেয়া প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান জানান, খবর পেয়েছি। জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় থাকা বিষাক্ত ভিমরুলের বাসা নিধনে অভিযান চালানো হবে।



