ময়মনসিংহে এক ইউনিয়নেই ২ এমপি

নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ এবং ময়মনসিংহ-৯ আসনের এমপি ইয়াসের খান চৌধুরী। দু’জনই নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাসিন্দা।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
একই ইউনিয়নের দুই এমপি
একই ইউনিয়নের দুই এমপি |নয়া দিগন্ত

অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই ইউনিয়নের দুই বাসিন্দা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়ে দু’টি ভিন্ন সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন দু’টি হলো ময়মনসিংহ-৪ ও ময়মনসিংহ-৯। এই বিরল অর্জনকে ঘিরে সংশ্লিষ্ট ইউনিয়নসহ পুরো উপজেলায় বইছে আনন্দ ও আলোচনার ঝড়।

নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ এবং ময়মনসিংহ-৯ আসনের এমপি ইয়াসের খান চৌধুরী। দু’জনই নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাসিন্দা।

আন্দোলন-সংগ্রাম থেকে সংসদ :
আবু ওয়াহাব আকন্দ নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের মরহুম আব্দুল মোতালেব আকন্দের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ময়মনসিংহ জেলা শহরে বসবাস করছেন। রাজনৈতিকভাবে তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের সময় তিনি হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েছেন একাধিকবার। তবুও রাজপথে সক্রিয় থেকে নিজেকে একজন আলোচিত ও ত্যাগী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। সেই ধারাবাহিকতারই প্রতিফলন ঘটেছে এবারের নির্বাচনে—দলীয় মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনে বিজয় ছিনিয়ে নেন।

প্রবাসী পেশাজীবী থেকে সংসদ সদস্য :
অন্যদিকে ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা। তিনি সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে। পেশাগত জীবনে তিনি একজন তথ্য-প্রযুক্তি বিজ্ঞানী এবং দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্যপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করেছেন।

বিদেশে অবস্থান করলেও তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে তিনিও নির্বাচনে বাজিমাত করেন। এর মধ্য দিয়ে একই উপজেলার একই ইউনিয়নের দুই ব্যক্তি ভিন্ন দু’টি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন।

এলাকায় উচ্ছ্বাস, উন্নয়নের প্রত্যাশা :
এই নজিরবিহীন ঘটনায় শুধু সংশ্লিষ্ট দুই আসন নয়, পুরো নান্দাইল উপজেলাজুড়ে চলছে আলোচনা ও আনন্দ। স্থানীয়রা এটিকে দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা হিসেবে দেখছেন।

এ বিষয়ে আবু ওয়াহাব আকন্দের বড় ভাই আব্দুল আউয়াল আকন্দ বলেন, ‘ছোট ভাই দীর্ঘদিন ময়মনসিংহ শহরে বসবাস করলেও সব সময় নান্দাইলের মানুষের খোঁজখবর ও সহযোগিতায় যুক্ত ছিলেন।’

সংসদ সদস্য হিসেবে তিনি এখন আরো বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এলাকাবাসীর ভাষ্য, একই ইউনিয়নের দুইজন দুইটি আসনের সংসদ সদস্য হওয়া তাদের জন্য বড় প্রাপ্তি। তারা মনে করছেন, এই যুগল প্রতিনিধিত্ব নান্দাইলের উন্নয়নকে নতুন গতি দেবে এবং খুব শিগগিরই তার দৃশ্যমান প্রভাব দেখা যাবে।