কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধানের বস্তাবোঝাই নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) উল্টে চালক আকবর আলী (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আকবর আলী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন নসিমন চালক।
স্থানীয়রা জানান, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তাবোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, নসিমনটি সড়কের নিচে পড়ে গেলে চালক তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মুক্তি (৫৮) নামে অন্য আরেকজন আহত হন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খোঁজখবর নেয়া হচ্ছে।



