নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যাসহ ডজনখানেক মামলার আসামি এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিরাজুল ইসলাম মন্ডল বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই সিরাজুল পলাতক ছিলেন বলে ধারণা করা হলেও সম্প্রতি তিনি এলাকায় প্রকাশ্যে বিচরণ শুরু করেন। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা এবং চোরাই তেলের সিন্ডিকেট পুনরায় নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, সিরাজুলের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছাত্র-জনতার ওপর গুলি চালানো এবং মাস্টারমাইন্ড হিসেবে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজুল ইসলাম মন্ডল একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।



