সালথায় সাঁকো নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বলতলা ব্রিজ এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিকেলজুড়ে কয়েক দফায় সংঘর্ষ চলে।

Location :

Faridpur

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও কুমার নদীতে বাঁশের সাঁকো নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বলতলা ব্রিজ এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিকেলজুড়ে কয়েক দফায় সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়েনদিয়া বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যদুনন্দী ইউনিয়নের মুশফিক বিল্লাহ জিহাদ ও পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার খারদিয়া-ময়েনদিয়া কুমার নদীতে বাঁশের সাঁকো নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সংঘর্ষে নেতৃত্ব দেয়া দুই পক্ষের নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।