সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুজন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৬১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ১১৫ ও মৌলভীবাজারে ২৭ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছেন। এ বছর বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন দুজন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ছয়জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মৌলভীবাজার সদর হাসপাতালে চারজন ভর্তি রয়েছেন।



