চুয়াডাঙ্গা প্রতিনিধি
দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে পরিকল্পিত ও স্বাস্থ্যসম্মত উপায়ে মৎস্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।
জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদায় পৃথকভাবে আয়োজিত শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এবং বিকেল ৩টায় দামুড়হুদা উপজেলা পরিষদে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, "মৎস্য খাত দেশের অর্থনীতি, জনস্বাস্থ্যের পুষ্টি সরবরাহ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের ক্রমবর্ধমান প্রোটিনের চাহিদা মেটাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে হবে।" তিনি মৎস্যজীবী ও চাষিদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জীবননগরে আয়োজিত অনুষ্ঠানে জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখার রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাখাওয়াত হোসেন, মোহাম্মদ নায়েব আলীসহ স্থানীয় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মৎস্যজীবী, সফল মৎস্যচাষি ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।
আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে মৎস্যচাষ ও মৎস্যসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখায় গুণী চাষি ও সংশ্লিষ্টদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।



