ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কথিত অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. এম জুবাইদুর রহমানের পদত্যাগ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসিমের অপসারণ, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখার গ্রাহক সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ওই দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন রাজবাড়ী গ্রাহক সমিতির সভাপতি সাবেক অধ্যাপক মো: মতিউর রহমান ও সেক্রেটারি অধ্যাপক মো: আক্কাস আলী।
এসময় বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
একই দাবিতে ইসলামী ব্যাংক রাজবাড়ীর পাংশা শাখা গ্রাহক সমিতির আহ্বানে পাংশার মাহমুদ প্লাজার সামনেও মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাংশা বণিক সমিতির সভাপতি ও সেক্রেটারি বক্তব্য রাখেন।



