ভোলার লালমোহনে ডাকবাংলো সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিতের দাবিতে লালমোহনে মানববন্ধন করেছে স্থানীয়রা।
রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় পৌরসভার ওয়েস্টার্নপাড়া ডাকবাংলো ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, আট নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো: আমজাদ হোসেন আলম, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আবুল বাশার সেলিম, ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো: কামাল হোসেন শাহিন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি অত্যন্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এ সেতুতে একাধিক দুর্ঘটনায় অনেকে আহত হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য, সেতুর অদূরে একটি কামিল মাদরাসা অবস্থিত, যেখানে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। সেতুটির অতিরিক্ত উচ্চতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক অবকাঠামোর অভাবের কারণে শিক্ষার্থীরা সবসময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকে।
মানববন্ধনে আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: কবির মিয়া, পৌর জামায়াতের আমির মাওলানা নিয়াজ মাহমুদ কাজী সাইফুল্লাহ, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা ফিরোজ মাহমুদ, সাংবাদিক শাহীন কুতুবসহ লালমোহন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



