যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ কোটি ৮৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ যশোরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ’র পরিচালক (অডিট ও আইন) রুরাইয়াৎ-ই-আশিক, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল বাশার, বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক জিয়াউর রহমান, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান ও বিআরটিএ যশোরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু বা পঙ্গুত্ব একটি পরিবারকে অন্ধকার ভবিষ্যতে ঠেলে দেয়। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস মাত্র। তবে, কেবল অর্থ দিয়ে সবটুকু পূরণ সম্ভব নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা।’ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং চালকদের প্রশিক্ষণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসন, মালিক-শ্রমিক ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সচেতনতাই পারে সড়কপথকে নিরাপদ করতে।’
অনুষ্ঠানে তিন জেলার মোট ১৫০টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। এর মধ্যে যশোরে ৬৯ পরিবারে দুই কোটি ৭৩ লাখ টাকা, ঝিনাইদহে ৬২ পরিবার দুই কোটি ৪৬ লাখ টাকা ও মাগুরার ১৯ পরিবার ৬৭ লাখ টাকা মিলিয়ে মোট পাঁচ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ করা হয়।



