ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের অতিরিক্ত চাপ। যমুনা (বঙ্গবন্ধু) সেতুতে গত ২৪ ঘণ্টায় সোয়া তিন কোটি টাকা টোল আদায় করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় তিন কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।
এর মধ্যে টাঙ্গাইলের সেতু পূর্ব প্রান্তের উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।
অপরদিকে, সিরাজগঞ্জ সেতু পশ্চিম প্রান্তের ঢাকাগামী লেনে ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে এক কোটি ৭০ লাখ নয় হাজার ৬০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঈদের পর কয়েকদিন ধরে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে অতিরিক্ত যানবাহন চাপ বেড়েছে। কিন্তু সেতু পারাপার বা মহাসড়কে কোনো যানজট হয়নি। স্বাভাবিক গতিতেই যানবাহন পারাপার হচ্ছে। এ ছাড়াও মহাসড়কে যানজট নিরসনে সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে মোটরসাইকেলসহ নয়টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে।’



