নড়াইলের লোহাগড়ায় রহিম সিকদার নামে রহিম শিকদার (৪০) নামে এক ট্রাক চালককে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের ধোপাদহ স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ট্রাক চালক উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে। তিনি পরিবার-পরিজন নিয়ে লোহাগড়া পৌর শহরের পোদ্দার পাড়ায় বসবাস করেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হামলার শিকার ট্রাকচালক রহিম শিকদারের ছেলে সোয়াইব শিকদারকে ধোপাদহ এলাকার শাহজাহান শেখের ছেলে কিশোর আজিম শেখ কয়েকটি চড়-থাপ্পড় মারে। পরে সোয়াইব এসে তার পিতা রহিম শিকদারকে জানালে বিষয়টি নিয়ে রাত সাড়ে ৮টার দিকে রহিম শিকদার তার ছেলে সোয়াইবসহ চার-পাঁচজন ধোপাদহ স্লুইসগেট এলাকায় যায়। এ সময় আজিম শেখের সাথে রহিম শিকদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আজিম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রামদা, লোহার রড, ছ্যানদাসহ দেশীয় অস্ত্র দিয়ে রহিম শিকদারের মাথা, দুই হাত, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত রহিম শিকদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



