টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জলের সাথে ওই কলেজের এক শিক্ষিকার (প্রভাষক) মোবাইল ফোনে কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে সেই অধ্যক্ষের অপসারণ ও তার শাস্তির দাবিতে কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কুরুচিপূর্ণ অডিও রেকর্ড ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা টক অব দ্যা টাউনে পরিণত হয়। দীর্ঘ ১৯ মিনিট ৩৭ সেকেন্ডের সেই অডিও রেকর্ড ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। এ নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে। মুঠোফোনে দু’জনেই আপত্তিকর শব্দ ব্যবহার করেন।
অধ্যক্ষের এই অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন ক্ষুব্ধ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
আধাঘণ্টা পর সেই তালা খুলে দেন শিক্ষক পরিষদের সম্পাদক জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন।
পরে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা কলেজর প্রধান ফটকের সামনে মানববন্ধনে মিলিত হন। সেখানে বক্তব্য রাখেন- কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রধান তরুণ ইউসুফ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন খান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান সায়মা আক্তার, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি দেওয়ান কামরুন্নাহার ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছেরী আজাদ শম্পা প্রমুখ।
তাদের অভিযোগ, অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জল একাধিক শিক্ষিকার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন এবং কুপ্রস্তাব দিয়েছেন। এতদিন তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। তার অধীনে থেকে কোনোভাবেই নিরাপদে কাজ করা সম্ভব নয়। আমরা নিরাপদ কর্মস্থল চাই।
শিক্ষকরা বলেন, অডিও ভাইরালের ঘটনায় কলেজ ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। অধ্যক্ষকে অপসারণের পাশাপাশি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জানা যায়, আমিনুল ইসলাম উজ্জল ২০২৪ সালের ২৮ মার্চ মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। গত ৫ আগস্টের আগে তিনি ‘শেখ হাসিনা পরিষদ’-এর টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি বিএনপিতে যোগ দেয়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে কথা বলতে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম উজ্জলকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।



