ফাহিম মুনতাছিম, মাল্টিমিডিয়া প্রতিনিধি (কুমিল্লা)
কুমিল্লা জেলা পরিষদ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা- আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নিয়েছেন ১৫ কোটি টাকা আর হাসনাত আবদুল্লাহ নিয়েছেন ১০ কোটি টাকা। এমন অভিযোগ তুলেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো: মোস্তাক মিয়া।
শনিবার (৩০ মে) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ অভিযোগ করেন।
মোস্তাক মিয়া বলেন, ‘সমন্বয়করা (জুলাই আন্দোলনের) বিভিন্ন জায়গায় লুটপাট ও নানা ধরনের অপকর্ম করেছে। তাদের মধ্যে সততা ছিল না।’
তিনি আরো বলেন, ‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এ দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে।’
এ বিষয়ে একটি খুদে বার্তায় হাসনাত আবদুল্লাহ তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে হাসনাত আবদুল্লাহ জানান, ‘এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে।’
‘দেবিদ্বারে পাঁচ কোটি টাকা দেয়া হয়েছে। যেটা এডিপি প্রকল্পের মাধ্যমে দেয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সাথে কোনো সম্পৃক্ততা নাই।’
তিনি আরো বলেন, ‘প্রশাসকের রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্ক জ্ঞান থাকলে তিনি এ কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি। অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেয়া হয়েছে।’
এবং সংশ্লিষ্ট কাজের তথ্যও তিনি সাংবাদিকদের কাছে প্রকাশ করে বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিত করেন।



