নাসীরুদ্দীন পাটওয়ারী

আমরা সংস্কারের দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না

‘বিএনপি নির্বাচনের পূর্বে সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না করে জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। এই সংস্কারের দায়িত্ব আমাদের দিয়ে গিয়েছেন শহীদ শরীফ উসমান হাদী।’

Location :

Gowainghat
গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে নাসীরুদ্দীন পাটওয়ারী
গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে নাসীরুদ্দীন পাটওয়ারী |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা সংস্কারের দাবি থেকে এক চুল পরিমাণ বিচলিত হব না। বিএনপি নির্বাচনের পূর্বে সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না করে জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। এই সংস্কারের দায়িত্ব আমাদের দিয়ে গিয়েছেন শহীদ শরীফ উসমান হাদী।’

এ সময় তিনি বলেন, ‘সংস্কারের শপথ না নিয়ে তারেক রহমান লাইনের অনেক বাইরে চলে গেছেন। আমরা তরুণরা আপনাকে লাইনের বাইরে যেতে দিতে পারি না, দিল্লির সাথে আমাদের কোনো সমন্বয় নেই।’

পুলিশ সংস্কার দাবি করে পাটোয়ারী বলেন, ‘পুলিশের ডিউটি আট ঘণ্টা করতে হবে, অতিরিক্ত ডিউটি করলে তাকে ওভারটাইম দিতে হবে। জনগণকে পুলিশের মুখোমুখি দাঁড় করানো যাবে না। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে হবে।’

পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে আপনাদের ব্যবহার করেছিল, বিএনপিও সেভাবে আপনাদের ব্যবহার করতে চায়। আমরা ক্ষমতায় গেলে আপনাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেব।’

গণতন্ত্র, বাকস্বাধীনতা রক্ষা এবং দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি হুঁশিয়ারি দেন যে, অরাজকতা বন্ধ না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ‘জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করতে’ এনসিপি সারাদেশে এ পদযাত্রা পরিচালনা করছে।

হবিগঞ্জ ও গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনায় প্রতিপক্ষ দল বিএনপির নেতাকর্মীরা জড়িত। তারা আমাদের ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না।

শুক্রবার (৩১ জুলাই) বাদ মাগরিব গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে গোয়াইনঘাট উপজেলা এনসিপির আহ্বায়ক মনসুরুল হাসান নগরীর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল হালিম ও আলী হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী ডা: মাহমুদা মিতু।

সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, মহানগর শাখার সদস্য সচিব কিবরিয়া তোষার, জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ, ছাত্রশক্তির প্রতিনিধি নাজমুল হাসানসহ সিলেট জেলা ও মহানগর এবং গোয়াইনঘাট উপজেলার এনসিপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই পদযাত্রা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই সিলেটের গোলাপগঞ্জ, কানাইঘাট ও ওসমানীনগরে এবং ৩১ জুলাই শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।