সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অভিযানে এসব শাড়ি জব্দ করা হয়।
সোমবার (৩১ আগস্ট) ভোররাতে উপজেলার শান্তিগঞ্জ এলাকা থেকে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ড ভ্যানসহ দুই হাজার ৬৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
তিনি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। জব্দ করা ভারতীয় শাড়ি সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।



