ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু পৌর এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনের উপায় বের করতে যানজটপ্রবণ এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পায়ে হেঁটে পৌর এলাকার যানজটপ্রবণ এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি পৌর শহরের জামতলা মোড় থেকে স্টেশন, বুধিয়া মার্কেট, মধ্য বাজার সড়ক ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক, পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি যানজট নিরসনকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি এ সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও বাজার ও আশপাশের এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় ও সড়কে অপরিকল্পিতভাবে মোটরসাইকেল, অটো রিকশা ও অন্যান্য যানবাহন পার্ক করার কারণে প্রায়ই তীব্র যানজট লেগে থাকে। এতে ট্রেন যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।
তিনি বলেন, এলাকার জনগণকে সাথে নিয়ে আমাদের যানজটের সমস্যা সমাধান করতে হবে। কারণ, এখানে ফুটপাত আছে, দোকান আছে, ছোট ছোট গলি আছে, এগুলোর জন্য জনগণ আমাদের পাশে থাকলে তাদের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে আমরা এ সমস্যার সমাধান করতে পারবো।
এসময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ যানজট সমস্যার বিভিন্ন দিক এমপির কাছে তুলে ধরেন। তারা জানান, সড়কের দুই পাশে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন পার্ক করে রাখা, ফুটপাত দখল ও নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় শহরে প্রতিদিনই যানজট লেগে থাকে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
পরিদর্শনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উপজেলা নেতাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করলে গফরগাঁও পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।



