উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য অব্যাহত থাকায় পটুয়াখালীসহ দেশের অন্তত নয় জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং সমুদ্রবন্দরসমূহে সতর্ক সঙ্কেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সাগরে সৃষ্ট বায়ুচাপের পার্থক্যের কারণে বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে। এর ফলে পটুয়াখালী জেলায় গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
খেপুপাড়া আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ১২০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে উপকূলীয় অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়া বইছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেড়েছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এতে মৎস্যজীবী ও নৌ-যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বায়ুচাপের এই তারতম্যের প্রভাবে পটুয়াখালীসহ নয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত বহাল রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
এ অবস্থায় সকল নৌ-যানকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচল করতে এবং মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনও উপকূলবাসীকে অপ্রয়োজনীয় বাহিরে বের না হওয়ার এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছে।



