রংপুর মহানগরীকে যানজট মুক্ত রাখতে সিটি প্রশাসকের সতর্কতা নোটিশ

ঈদের পর নিজ উদ্যোগে ফুটপাত থেকে সকল দোকান সরিয়ে নিতে হবে। যদি সেটা না করা হয় তাহলে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
সতর্ক করছেন রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন
সতর্ক করছেন রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন |নয়া দিগন্ত

রংপুর মহানগরীকে যানজট মুক্ত রাখতে প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে সর্তকতা নোটিশ জারি করছেন রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সামন থেকে শুরু করে সুপারমার্কেট মোড়, কৈলাশ রঞ্জন মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, জীবন বীমা মোড়, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বর পর্যন্ত হেঁটে হেঁটে প্রত্যেকটি দোকানীকে এ নোটিশ দেন তিনি।

এ সময় ফুটপাতের ব্যবসায়ীদের উদ্দেশে সিটি প্রশাসক ডন বলেন, ‘ঈদের পর নিজ উদ্যোগে ফুটপাত থেকে সকল দোকান সরিয়ে নিতে হবে। যদি সেটা না করা হয় তাহলে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হবে। তখন কারো কোনো অজুহাত শোনা হবে না।’

সতর্কতা নোটিশ জারি শেষে সিটি প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘নগরীর অন্যতম প্রধান সমস্যা যানজট। ফুটপাত দখল হয়ে যাওয়া, যত্রতত্র গাড়ি, অটো এবং রিকশা পার্কিংয়ের কারণে যানজটে নগরবাসীর সময় এবং অর্থ অপচয় হচ্ছে। সে কারণে নগরীকে যানজটমুক্ত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।‘

তিনি আরো বলেন, ‘আমি নিজে প্রত্যেকটি ফুটপাতের দোকানিকে গিয়ে নোটিশ জারি করেছি এবং ঈদের পর প্রত্যেকটি দোকানিকে নিজ উদ্যোগে দোকান সরিয়ে ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানিয়েছি। যদি কেউ ঈদের পর এ নোটিশের অবজ্ঞা করেন, তাহলে আইন অনুযায়ী জেলা প্রশাসনকে সাথে নিয়ে ফুটপাতের প্রত্যেকটি দোকানকে উচ্ছেদ করা হবে। প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।’