সিলেটে বিদেশগামী যাত্রীদের সাথে প্রতারণা, ব্লাড সেম্পল না নিয়েই ভুয়া রিপোর্ট দেয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে হিলভিউ মেডিক্যাল সেন্টার নামক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আম্বরখানা এয়ারপোর্ট রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিদেশগামী যাত্রীদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, ‘আমাদের কাছে অনলাইনে অভিযোগ আসে, হিলভিউ মেডিক্যাল সেন্টারে বিদেশগামী যাত্রীদের মেডিক্যাল টেস্টের সরকার নির্ধারিত ফি আট হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা রাখা হচ্ছে।’
তিনি জানান, ‘অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করি। তদন্তে কিছু গুরুতর অনিয়মের প্রামাণ পাওয়া যায়। দেখা যায়, তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। কোনো পরীক্ষা না করিয়ে, কোনো সেম্পল না নিয়েই এখানে বিদেশগামী যাত্রীদের ভুয়া মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়।’
মোহাম্মদ আরিফ মিয়া জানান, ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে স্বীকারোক্তি দেয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনসার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



