কুয়াকাটায় পরিবেশ সমাবেশে ‘সবুজ সাথী সম্মাননা’ পেলেন কামাল গাজী

উপকূলীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ব্যক্তি উদ্যোগে অসামান্য অবদান রাখায় কুয়াকাটার পরিবেশকর্মী মো: কামাল হোসেন গাজীকে ‘সবুজ সাথী সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
কুয়াকাটায় পরিবেশ সমাবেশে ‘সবুজ সাথী সম্মাননা’ পেলেন কামাল গাজী
কুয়াকাটায় পরিবেশ সমাবেশে ‘সবুজ সাথী সম্মাননা’ পেলেন কামাল গাজী |নয়া দিগন্ত

উপকূলীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ব্যক্তি উদ্যোগে অসামান্য অবদান রাখায় কুয়াকাটার পরিবেশকর্মী মো: কামাল হোসেন গাজীকে ‘সবুজ সাথী সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে। পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাওয়ায় স্থানীয় পর্যায়ে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক পরিবেশ সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং কুয়াকাটা প্রেসক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী যখন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন ব্যক্তি উদ্যোগে পরিবেশ রক্ষায় কামাল গাজীর মতো মানুষের কাজ সমাজের জন্য অনুকরণীয়। উপকূল রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাও জরুরি।’

জানা গেছে, উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষে কামাল গাজী নিজ উদ্যোগে প্রায় ৫০ হাজার তালের চারা রোপণ করেছেন। ধুলাসার ইউনিয়নের আশাখালী থেকে আলীপুর সাবমেরিন স্টেশন পর্যন্ত এবং পূর্ব মনসাতলী থেকে কুমিরমারা গ্রাম পর্যন্ত বিস্তৃত এলাকায় তিনি এসব চারা রোপণ করেন।

স্থানীয়রা জানান, তার এ উদ্যোগ উপকূলীয় পরিবেশ রক্ষা, মাটিক্ষয় রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) জেলা সভাপতি মো: মিজানুর রহমান, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় কামাল হোসেন গাজী বলেন, ‘এ সম্মাননা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এটি আমাকে পরিবেশ ও উপকূল রক্ষায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। পরিবেশ নিয়ে যারা নীরবে কাজ করছেন, তাদের মূল্যায়ন করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’

অনুষ্ঠানে বক্তারা উপকূলীয় অঞ্চলে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ধরা’-এর কর্মী ও পরিবেশ সংগঠক কামাল হাসান রনি।