বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ‘দায়িত্বশীল শিক্ষাশিবির’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) এ প্রশিক্ষণ কর্মসূচি লাকসাম পশ্চিমগাঁওস্থ আল হেদায়া মাদরাসার তৃতীয় তলার হলরুমে অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উপজেলা আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জুবায়ের ফয়সালের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে দায়িত্বশীলদের সাংগঠনিক ও নৈতিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সমাজে ইনসাফ কায়েমের লড়াইয়ে জামায়াতের কর্মীদের আপসহীন ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে কাজ করতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি দায়িত্বশীলকে ধৈর্যের সাথে জনগণের পাশে থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডা: সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী আত্মগঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আত্মসমালোচনার সুরে বলেন, ‘আল্লাহ তা’আলা আমাদের এখনো রাষ্ট্রীয় ক্ষমতা দান করেননি—এর অন্তর্নিহিত অর্থ হলো আমরা এখনো সেই বিশাল গুরুদায়িত্ব পালনের জন্য নিজেদের যথাযথভাবে যোগ্য করে গড়ে তুলতে পারিনি। আমাদের চারিত্রিক ও আদর্শিক মানে আরো উন্নতি সাধন করতে হবে।’
বিশেষ অতিথি ডা: আব্দুল মবিন তার বক্তব্যে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন। সাহাবায়ে কেরামদের (রা:) অতুলনীয় ত্যাগ ও কোরবানির উদাহরণ টেনে কর্মীদের সেই আদর্শ ও দৃঢ়তা নিজেদের জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান তিনি।
শিক্ষাশিবিরের অধিবেশনে মাওলানা নূর মোহাম্মদ তাহেরী সূরা আল-মুমিনুন এর প্রথম ১১টি আয়াতের আলোকে ‘দারসুল কোরআন’ পেশ করেন।
তিনি সফল মুমিনদের গুণাবলি ব্যাখ্যা করে বলেন, ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখাই মুমিনের প্রকৃত পরিচয়।
দিনব্যাপী এই শিক্ষাশিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং দোয়া ও মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



