তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুরে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র সীমান্তবর্তী এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত এলাকা লাউরগড়ে এ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে।
মেডিক্যাল ক্যাম্পেইনে সিলেট বিজিবির ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো: নাজমুল আরেফিনের মাধ্যমে স্থানীয় প্রায় ৫০০ নারী, পুরুষ ও শিশুকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সাম্প্রতিক ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোনো জরুরি পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।



