চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার সহ-সভাপতি ইদ্রিস মিয়া বলেছেন, ‘আমাদের আধুনিক শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকে প্রাধান্য দিয়ে সরকার শিক্ষার মানোন্নয়নে আরো বেশি এগিয়ে যাবে।’
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসদরস্থ শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসায় ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সাইফুদ্দীন খালেদের সভাপতিত্বে এবং বিদায়ী শিক্ষার্থী সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া) নোমান মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাদরাসার সাবেক সুপার মাওলানা মুখতার আহমদ।
ইদ্রিস মিয়া আরো বলেন, বিগত সময়ে মাদরাসা শিক্ষাকে মেরুদণ্ডহীন ও অবহেলিত করে রাখা হয়েছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র কাঠামো মেরামত করা। তার প্রভাব ইতোমধ্যে আমাদের মাঝে প্রতিফলিত হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে, কৃষি কার্ডও পৌঁছে দেয়া হচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ শুরু করেছেন।
এসময় আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য এস এম বোরহান উদ্দীন, মাদরাসার শাইখুল হাদিস শহিদুল হক হোসাইনি, সহকারী অধ্যাপক সাদিকুর রহমান, সিরাজুল ইসলাম, হামিদুল হক এবং বিদায়ী শিক্ষার্থী আমিনুল ইসলাম।



