স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয় মন্তব্য করে ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিন। আপনাদের ভোট দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি সরকার গঠনের প্রত্যাশা করে।
বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী পৌর শহরে জাতীয়তাবাদী দলের অস্থায়ী উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ও সন্তান সংসদ কমান্ডের সাথে আলোচনা ও মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। মহান মুক্তিযুদ্ধ ছাড়া এ দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে যারা শহীদ কিংবা আহত হয়েছেন, তাদের অবদানও অবিস্মরণীয় হয়ে থাকবে। আগামী নির্বাচনের মাধ্যমে এই দেশকে রক্ষা করতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতি ধানের শীষে ভোট দিতে আহ্বান জানাই।
বীরমুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিনের সভপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সাবেক উপজেলা কমান্ডার খুরশিদ আলম, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুরনবী, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আহমদ করিম, একেএম সলিম উল্যাহ, স্বেচ্ছাসেবক দল নেতা রফিক ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।



