বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপে ত্রাণ সহায়তা ও চিকিৎসা ক্যাম্প করেছে বাংলাদেশ নৌ-বাহিনী।
গত বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও জোয়ারের পানি ঢুকে সেন্টমার্টিন্স দ্বীপের শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।
নৌ-বাহিনীর পক্ষ দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনবাসীর কষ্ট লাঘবে নৌ-বাহিনী প্রধানের দিকনির্দেশনায় এবং চট্টগ্রাম নৌ-অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় নৌ-বাহিনী জাহাজ ‘বানৌজা’ সমুদ্র জয় গত দু’দিন সেন্টমার্টিনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের আওতায় এক হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ নৌ-বাহিনী জাহাজ ‘বানৌজা প্রত্যয়’ সেন্টমার্টিনের ‘বিএন ইসলমিক স্কুল ও কলেজ’ মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে। এ মেডিক্যাল ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। নৌ-বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে। এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
নৌ-বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ নৌ-বাহিনী বিগত বছরগুলোতেও সেন্টমার্টিনের বাসিন্দাদের সঙ্কটকালে জরুরি খাদ্য ও চিকিৎসাসহ সকল ধরনের সহায়তা প্রদান করে আসছে। বৈরী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌ-বাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।



