চরফ্যাশনে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে মামলা চলছে। স্বজনদের অভিযোগ, ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৌশলে আলাউদ্দিনকে হত্যা করেছে। তারা ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Char Fasson
নিহত ডাব ব্যবসায়ী আলাউদ্দিন রাড়ী
নিহত ডাব ব্যবসায়ী আলাউদ্দিন রাড়ী |নয়া দিগন্ত

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার একটি ধানক্ষেত থেকে আলাউদ্দিন রাড়ী (৫০) নামে এক ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে থানার এওয়াজপুর ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলাউদ্দিন ওই ইউনিয়নের উত্তর চরমঙ্গল গ্রামের মরহুম আব্দুল করিম রাড়ীর ছেলে। তিনি পেশায় একজন ডাব ব্যবসায়ী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় বাজারে যান আলাউদ্দিন। পরে রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সুরতাহাল প্রতিবেদন অনুযায়ী লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। এছাড়াও লাশের ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত আলাউদ্দিনের পরিবারের দাবি, জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে মামলা চলছে। স্বজনদের অভিযোগ, ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৌশলে আলাউদ্দিনকে হত্যা করেছে। তারা ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শশীভূষণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: দেলোয়ার হোসেন বলেন, কী কারণে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আমরা তদন্ত করছি। তবে পরিবারের পক্ষ থেকে কাউকে বিবাদী করে মামলা দায়ের করা হয়নি।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।