বরের বাড়িতে বৌভাতের খাবার খেয়ে কনের ৭ আত্মীয়-স্বজন হাসপাতালে

শনিবার শেষে বর ও কনেকে নিয়ে যেতে গৌরীর আত্মীয়-স্বজন আসে শুভর বাড়িতে। এখানে বৌভাতের খাবার খাওয়ার পরই উল্লেখিতরা অসুস্থ হয়ে পড়েন। তাদের পর্যায়ক্রমে হাসপাতালে নেয়া হয়।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Location :

Saidpur
অসুস্থ হয়ে পড়াদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে
অসুস্থ হয়ে পড়াদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেতে এসে কনের বাড়ির সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবারের বিষক্রিয়ার কারণে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিষ্টান পাড়ায় এ ঘটনা ঘটেছে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি সাতজন হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লাল্টুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।

হাতিখানা কবরস্থানের পিছনে খ্রিষ্টানপাড়ার ছেলে শুভর সাথে কামারপুকুর বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরির বিয়ে হয়েছে কয়েকদিন আগে। শনিবার বর ও কনেকে নিয়ে যেতে গৌরীর আত্মীয়-স্বজন আসে শুভর বাড়িতে। এখানে বৌভাতের খাবার খাওয়ার পরই উল্লেখিতরা অসুস্থ হয়ে পড়েন। তাদের পর্যায়ক্রমে হাসপাতালে নেয়া হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: শাবাব বলেন, ‘বমি ও প্রচণ্ড পেট ব্যাথা নিয়ে সাতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ওষুধ দেয়া হয়েছে। আমরা ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাদের পর্যবেক্ষণে রাখবো। তারপর তারা সুস্থ হলে ছেড়ে দেয়া হবে।’