রাজবাড়ীতে আগুনে পাট গুদামসহ ২১ দোকান ভস্মীভূত, ৩ ফায়ারম্যান আহত

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা |নয়া দিগন্ত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে অগ্নিকাণ্ডে পাটের তিনটি গুদামসহ ২১টি দোকান পুড়ে গেছে।

এতে প্রায় ৫০০ মণ পাট, তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড়ের দোকান ও মুদিখানা ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের গোডাউনের পাশে তুলার মিল থেকে আগুন ছড়িয়ে পড়েছে। আশপাশে পুকুর না থাকায় দূরের দুটি পুকুর থেকে পানি আনতে হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রান, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। তারা বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে, যা ক্ষতির পরিমাণ বাড়িয়েছে।

পাট ব্যবসায়ী মিলন সিকদার জানান, তার গোডাউনে ২০০ মণের বেশি পাট ছিল, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ‘ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।’