মমেকে হামে আরো ২ শিশুর মৃত্যু

দুই শিশুই হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল, যা তাদের শারীরিক অবস্থাকে আরো জটিল করে তোলে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |নয়া দিগন্ত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে চলতি সময়ে হাসপাতালটিতে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩।

হাসপাতাল সূত্র জানায়, মৃত দুই শিশুর মধ্যে একজনের বয়স চার মাস। কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ওই শিশুটি শনিবার সকালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। অপর শিশুটির বয়স তিন মাস ১৫ দিন, যার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তাকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দু’জনই মারা যায়।

চিকিৎসকরা জানায়, দুই শিশুই হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল, যা তাদের শারীরিক অবস্থাকে আরো জটিল করে তোলে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ১,৭০৮ শিশু হাম নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১,৫৪৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশি কিংবা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও দেখা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নেয়া নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।