শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শ্রীনগর জমজম টাওয়ারের সামনে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মো: আব্দুল্লাহ ও বিএনপির কেন্দ্রেীয় সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা জমজম টাওয়ারের সামনে জড়ো হচ্ছিল। জমজম টাওয়ারের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল।
এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মো: আব্দুল্লাহ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের বেশ কিছু নেতাকর্মী ও সমর্থক ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নিলে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনের মাথা ফেটে গেছে।
আহতদের মধ্যে অহিদুল ইসলাম খোকন মেম্বার (৫২), রাহাত চোকদার (২৮), জসিম দেওয়ান (৪০), বাবুল খান (৪৫), অনিক (৩২) ও রনি (২৭) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পরে র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো: আনোয়ার পারভেজ বলেন, দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণকালে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত আঘাত পেয়েছেন।



