আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দু’টি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রস্তুতিমূলক মহড়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে মোট ৩৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন দুই-তিনজন পুলিশ সদস্য ও ১২ জন করে আনসার সদস্য। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সীমান্তবর্তী চুয়াডাঙ্গা-২ আসনে মোতায়েন থাকবে ১০ প্লাটুন বিজিবি।
অপরদিকে, চুয়াডাঙ্গা-১ আসনে দায়িত্ব পালন করবে সাত প্লাটুন সেনাবাহিনী। এছাড়া চার প্লাটুন আনসার, চার প্লাটুন র্যাব ও ডিবি পুলিশের একাধিক দল মাঠে সক্রিয় থাকবে। এছাড়া দুই প্লাটুন সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে। যেকোনো প্রয়োজনে দু’টি আসনের যেকোনো জায়গায় তারা মুভ করবে। তবে প্রতিটি প্লাটুনের সাথে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সাদা পোশাকে গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এসব নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র থেকে ফলাফল আসার সাথে সাথেই তা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সমন্বয় করা হবে। পোস্টাল ব্যালট ভোট গণনাও প্রার্থীদের পোলিং অ্যাজেন্ট ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পন্ন করে ফলাফল চূড়ান্ত করা হবে।



