সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল ও স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলেও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
এ সময় তিনি বলেন, ‘তহবিলের এই সহায়তা অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, ‘যে কোনো দুর্যোগ বা সঙ্কটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।’
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক মো: নিজাম উদ্দিন, সোনারগাঁও পৌর বিএনপির নেতা হারুন অর রশিদ মিঠু, সাদিকুর ইসলাম সেন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



