চুয়াডাঙ্গা প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর থেকে পারিবারিক অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
হামলায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বকর সিদ্দীক ও গাড়িচালক সাদ্দাম হোসেন।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে জীবননগরের হাসাদাহ বাজারের বাসিন্দা বিএনপি কর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনের বিরুদ্ধে ।
পরে রাত সোয়া ৯টার দিকে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় উপস্থিত হয়ে স্থানীয় বিএনপি কর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদি হন আহত আবু বকর সিদ্দীক।
হামলার শিকার আবু বকর বলেন, পাশের উপজেলা মহেশপুর থেকে আমির হামজা এমপি একটি গাড়িতে আসছিলেন। আমি আমার দুই বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আমাদের গতিরোধ করে। বার বার হর্ন দিলেও গাড়ি না সরানোয় আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। তখন ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপির শ্যালক পরিচয় দিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে আমার মুখে আঘাত করে। আমার বোন গাড়ি থেকে বের হলে তাকে এবং আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ।



