কসবা সিমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের ছোড়া গুলিতে দুই যুবক আহত হয়েছেন।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের ছোড়া গুলিতে দুই যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত ১টার দিকে উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্যামপুর গ্রামের নায়েব আলীর ছেলে আজাদ মিয়া (২৬) ও একই গ্রামের আবদুল হাকিমের ছেলে রবিউল ইসলাম রবি (২৮)।

এদিকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে আজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর সীমান্ত পথে রবিউল ও আজাদসহ ৭ থেকে ৮ জন শনিবার দিবাগত গভীর রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন। এ সময় বাংলাদেশী যুবকেরা ওই সীমান্তে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সীমান্তে টহলরত বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন।

সীমান্তে বিএসএফের গুলিতে দু’জন আহতের বিষয়টি নিশ্চিত করেন বায়েক ইউপি চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, আহতদের সীমান্তের ১৫০ থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে থাকা অবস্থায় বিএসএফ গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে বিজিবি কোম্পানির কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠকের প্রস্তুতি চলছে।