রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জামায়াত নেতা বেলাল, শঙ্কামুক্ত নন

সৈয়দপুর বিমানবন্দরে কাস্টমসের অনাপত্তিপত্র ও ৭৪ লাখ টাকাসহ পুলিশের হেফাজতে থাকা ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জামায়াত নেতা বেলাল, শঙ্কামুক্ত নন
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জামায়াত নেতা বেলাল, শঙ্কামুক্ত নন |নয়া দিগন্ত

সৈয়দপুর বিমানবন্দরে কাস্টমসের অনাপত্তিপত্র ও ৭৪ লাখ টাকাসহ পুলিশের হেফাজতে থাকা ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৪টার দিকে তাকে রংপুর হাসপাতালে ভর্তি করে কার্ডিওলজি বিভাগের ১নম্বর বেডে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে তিনি নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে ভর্তি ছিলেন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা: হরিপদ রায় জানিয়েছেন, বুকের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ইসিজিতে সমস্যা হয়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষার নিরীক্ষা চলছে এরপরই বলা যাবে তার প্রকৃত শারীরিক অবস্থা।

তার চিকিৎসায় থাকা রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার আজহারুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে তার এনজিওগ্রাম করতে হবে কিনা। তবে মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়েছে।

বুধবার সকাল ১০:৫৫ এ ইউ এস বাংলার একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরে অবতরণ করলে তাকে একটি ব্যাগ ভর্তি টাকা সহ হেফাজতে নেয় সৈয়দপুর থানা পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই ব্যাগে ৫০ লাখেরও বেশি টাকা আছে যা তার গার্মেন্টস ব্যবসার।

এদিকে শাহজালাল বিমান বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানিয়েছেন, কাস্টমসের অনাপত্তি থাকায় তাকে ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেয়া হয়েছিল। এ সময় তার সাথের ওই ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা হেফাজতে নেয় পুলিশ।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাজীব হাসান জানান, কাস্টমসের অনাপত্তি থাকায় তাকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে কি পরিমাণ টাকা বহন করতে পারবে তার কোনো সীমাবদ্ধতা নেই।

এদিকে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের মিডিয়া বিভাগের দায়িত্বশীল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ব্যক্তিগত ব্যবসার টাকা নিয়ে তিনি পরিবহন করেছিলেন। এ ব্যাপারে অপতথ্য ছড়ানো হচ্ছে।

নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, প্রাপ্ত টাকা এবং তার উপস্থাপিত নথিপত্র গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে ঘটনাটি হস্তান্তর করা হবে। এরপর সেখান থেকে সিদ্ধান্ত আসবে। তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।