ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— নিহতের স্ত্রী ফিরোজা খাতুন, আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি ফারুক হোসেন ও মাসুদ রানাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে মুকুল মল্লিক নিখোঁজ হন। পরে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা আজিরন বেগম বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি ফিরোজা খাতুন ও বিল্লাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি আলমগীর হোসেন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।



