জয়পুরহাটের পাঁচবিবিতে ভেজাল পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য অধিদফতর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভেজাল পণ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে জয়পুরহাটের সহকারী পরিচালক মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জয়পুরহাটের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



