বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদের আবাসিক শহীদ শামসুল হক ও আশরাফুল হক হলের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ২৩ জুলাই রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সেই হিসেবে দীর্ঘ ১২ দিন পর কমিটি গঠন করে তদন্ত করতে যাচ্ছে প্রশাসন।
তদন্ত কমিটিতে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আদহামকে সভাপতি ও সংস্থাপন শাখা-২-এর অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো: মঞ্জুর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৩ জুলাই দিবাগত রাত ১:৫০ মিনিট থেকে ২:৪৫ মিনিট পর্যন্ত এবং ২৪ জুলাই বেলা আড়াইটার পর থেকে আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের কিছু ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আট থেকে ১০ জন শিক্ষার্থী আহত হন। এছাড়া উভয় হলের মূল ফটক, সীমানা প্রাচীরের লাইট ও সিসি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এই সামগ্রিক বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রতিবেদন ও সুপারিশ প্রদানের জন্য কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: খায়রুল হাসান ভূঞা, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো: মাহমুদুল আলম, এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: হারুন অর রশীদ।
তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে এম আদহাম বলেন, ‘আজই তদন্তের চিঠি হাতে পেয়েছি। মঙ্গলবার (৪ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করব। আমরা উভয় হল সরেজমিনে পরিদর্শন করব এবং কমিটির সদস্যদের সাথে বসে পরবর্তী ব্যবস্থা নেব।’



