আল্লামা মামুনুল হক

শাসকের চেহারা বদলালেও শোষণের চরিত্র বদলায়নি

‘দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতার স্বাদ পুনরায় অনুভব করলেও জুলাই বিপ্লবের পর আবারো ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে।’

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় আয়োজিত জনসভায় আল্লামা মামুনুল হক
রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় আয়োজিত জনসভায় আল্লামা মামুনুল হক |নয়া দিগন্ত

দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতার স্বাদ পুনরায় অনুভব করলেও জুলাই বিপ্লবের পর আবারো ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে। লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও গুন্ডামি বন্ধ হয়নি শাসকের চেহারা বদলালেও শোষণের চরিত্র বদলায়নি এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের উদ্যোগে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতার পেছনে প্রায় ২১৪ বছরের সংগ্রাম রয়েছে—ইংরেজ শাসন, জমিদারি বৈষম্য ও পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা। কিন্তু ১৯৭১ সালের পর সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার হরণ করা হয়েছে। জুলাই যোদ্ধাদের রক্ত ও আত্মত্যাগে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা তৈরি হলেও দেড় হাজারের বেশি প্রাণহানি ও ৩০ হাজারের বেশি আহতের পরও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দেশে আবার চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাস বেড়েছে। বাংলাদেশের কাঁধে দুটি ভয়াবহ ভূত—গুন্ডামি ও সন্ত্রাস, আর দুর্নীতি ও লুটপাট। ক্ষমতায় যাওয়ার আগে ভোটাধিকার হরণ, পরে জনগণের অর্থ পাচার এভাবেই রাজনীতি জনগণের স্বপ্নকে বাধাগ্রস্ত করছে।’

তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা আমির মো: আলী মর্তুজা, সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলী এবং খেলাফত মজলিস রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ, খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ, সিরাজগঞ্জ জামায়াতে নায়েবে আমির আব্দুস ছালাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, তাড়াশ উপজেলা জামায়াতের আমির খ ম সাকলায়েন, সলঙ্গা জামায়াতের আমির শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।