ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গ্যাস কোম্পানি ইন্ট্রাকো’র ভোলা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ভোলার ছাত্র-জনতা।
শনিবার (২৪ মে) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সমাবেশ শেষে দুপুরে ইন্ট্রাকো’র অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা।
এর আগে ভোলার গণমানুষের দাবি আদায়ের লক্ষ্যে ‘আমরা ভোলাবাসী’ নামে সংগঠন করা হয়। পরে গত মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে শনিবার ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও ইন্ট্রাকো-সুন্দরবন অভিমুখে পদযাত্রা এবং ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ পাওয়া ভোলার মানুষের মৌলিক অধিকার। এ মৌলিক অধিকার হনন করে ইন্ট্রাকো’র মাধ্যমে ভোলার গ্যাস অন্যত্রে নিয়ে যাচ্ছে, যা ভোলার মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ। ভোলার মানুষের ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ভোলা থেকে গ্যাস অন্য কোথায় হস্তান্তর করতে দেয়া হবে না।
সংগঠনটির সদস্য রাহিম ইসলাম বলেন, ‘মৌলিক দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। কিন্তু এখন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক কারণ, রাষ্ট্র আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। রাজপথে থেকে দাবি আদায় করে তবেই বাড়ি ফিরব।’
তিনি আরো বলেন, ‘কিছুদিন আগে এনসিপি’র নেতা সারজিস আলম তদবির করে চীনের দেয়া এক হাজার শয্যার একটি হাসপাতাল তার রংপুরে নিয়েছে। অথচ এ সারজিস আলম গেল ১০ জানুয়ারি ভোলায় এসে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় তিনি তার কথার মূল্য রাখেননি এবং চেষ্টাও করেননি।’
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো: রাইসুল আলম বলেন, ‘ভোলার গণমানুষের দাবি আদায়ে আজ সকলে ঐক্যবদ্ধ হয়েছে। ইন্ট্রাকো যদি ভোলার মানুষের এ দাবি না মেনে গ্যাস অন্যত্রে পাচার করার চেষ্টা করে তাহলে এর দায়ভার ইন্ট্রাকো কোম্পানিকেই নিতে হবে।’
এদিকে অপ্রীতিকর যেকোনো ধরনের ঘটনা এড়াতে সকাল থেকেই ইন্ট্রাকো’র অফিসের সামনে পুলিশ, কোস্টগার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব-৮) আইনপ্রয়োগকারী কয়েকটি সংস্থাকে অবস্থান নিতে দেখা গেছে।
উল্লেখ্য, ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন, সরকারি মেডিক্যাল কলেজ, ভোলা-বরিশাল সেতু, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, স্থায়ীভাবে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৬ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে ভোলার ছাত্র-জনতা।



