কক্সবাজারের ঈদগাঁওতে নিজ বসতঘরে আগুন দিয়ে সম্পূর্ণ ভস্মীভূত না হওয়া পর্যন্ত রাম দা হাতে নিয়ে পাহারা দিয়েছে এক ব্যক্তি। ফলে পাড়া-প্রতিবেশীরা অগ্নিনির্বাপনে এগিয়ে আসতে না পারায় বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ খামার পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহকর্তা আবুল কালাম ওই এলাকার নূরুল হকের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার আবু ছালেহ নূর বলেন, ‘মামলায় হাজিরা দিতে কক্সবাজার যাওয়ার জন্য সকালে স্ত্রীর কাছ থেকে টাকা চায় আবুল কালাম। কিন্তু স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় দুপুরে ফিরে এসে স্ত্রী ও সন্তানদের তাড়া করলে তারা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। এরপর বিকেলে নিজ বসতঘরে কেরোসিন ঢেলে দিয়ে অগ্নিসংযোগ করে ও রাম দা হাতে দাঁড়িয়ে থাকে। পাড়া-প্রতিবেশীরা অগ্নি নির্বাপনে এগিয়ে এলে দা বাগিয়ে তাড়া করে। ফলে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।’
ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।



