ঝালকাঠি প্রতিনিধি
রাজাপুরে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. আসাদুজ্জামান তালুকদার। তিনি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার মৃত আব্দুল বারেক তালুকদারের ছেলে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট দেয়ার অভিযোগ তুলে শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাদল ডাকুয়ার নির্দেশে তার ভাই মামুন, সোবাহানসহ সহযোগীরা গত ১৪ ফেব্রুয়ারি তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাতুড়ি, হকিস্টিক ও লাঠি দিয়ে তাকে এবং তার ভাইয়ের স্ত্রীকে বেধড়ক মারধর করে। এতে তারা গুরুতর আহত হন এবং রাজাপুর হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি আরো অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর থানায় মামলা দায়ের করলে অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ভুক্তভোগীর দাবি, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়েও তাকে বিএনপি সমর্থক পরিচয়ে মারধর করা হয় এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে যাওয়া হয়, যা এখনো ফেরত দেয়া হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত মো. মামুন ডাকুয়া অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে বিএনপি কর্মীদের সঙ্গে আসাদুজ্জামানের সামান্য ঝামেলা হয়। সেই ঘটনার জের ধরে ১৪ ফেব্রুয়ারি স্থানীয় কিছু ছেলেপেলের সঙ্গে আবারও কথা-কাটাকাটি হয়। এ সময় তারা পরিস্থিতি শান্ত করেন। পরে তাদের নামে মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।



