মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মো: মিজানুর রহমান মিজান বলেন, ‘চোখ মানুষের অমূল্য সম্পদ। দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অন্ধত্ব প্রতিরোধে আরো কার্যকর ভূমিকা রাখা সম্ভব।’

‎মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম
মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম |নয়া দিগন্ত

চোখের ছানি অন্ধত্বের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্তার হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চোখ মানুষের অমূল্য সম্পদ। দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অন্ধত্ব প্রতিরোধে আরো কার্যকর ভূমিকা রাখা সম্ভব।’ তিনি মানুষের কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের সিএস মো: মারুফুজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আবদুস সালাম আজাদী, মঠবাড়িয়া জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি শ্যামল মিত্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক দেবাশীষ গয়ালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন তরী মহিলা সংস্থার আয়োজনে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী এ ক্যাম্পে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া ৮৬ জন ছানি রোগীকে লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এসব রোগীকে অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও চশমাও দেয়া হবে।