শায়েস্তাগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

উপজেলার বাগুনীপাড়া গ্রামের বাসিন্দা শাহ আরজু মিয়ার বাড়িতে টিউবওয়েল বসানোর সময় এ ঘটনা ঘটে।

আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Habiganj
গ্যাসের সন্ধান
গ্যাসের সন্ধান |নয়া দিগন্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টিউবওয়েল স্থাপনের সময় মাটির নিচ থেকে গ্যাসজাতীয় পদার্থ নির্গমনের ঘটনা ঘটেছে। দিয়াশলাই জ্বালিয়ে পরীক্ষা করলে মুহূর্তেই আগুন জ্বলে উঠছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাগুনীপাড়া গ্রামের বাসিন্দা শাহ আরজু মিয়ার বাড়িতে টিউবওয়েল বসানোর সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগুনীপাড়া গ্রামের বাসিন্দা শাহ আরজু মিয়ার বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। প্রায় ৪০ ফুট গভীরতায় পাইপ ঢুকানোর পর হঠাৎ পাইপের মুখ দিয়ে গ্যাসজাতীয় পদার্থ বের হতে থাকে। পরে দিয়াশলাইয় জ্বালিয়ে পরীক্ষা করলে সাথে সাথে আগুন জ্বলে ওঠে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম বলেন, ‘টিউবওয়েল বসানোর সময় প্রায় ৪০ ফুট নিচ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরো বলেন, ‘বাড়ির মালিককে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতি থাকতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।