ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুইটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু এবং জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম। এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়ায় ভোট দিয়েছেন। ভোট প্রদান করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নড়াইল-২ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা লাঙ্গল প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের অধ্যাপক বি এম নাগিব হোসেনসহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা জানান, সকাল থেকেই সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রোকনুজ্জামান বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম-নীতি মেনে সুষ্ঠু সুন্দর ভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
নড়াইল-১ আসনে দুই লাখ ৯৪ হাজার ১৫৫ ভোটার এবং নড়াইল-২ আসনে তিন লাখ ৯০ হাজার ৯৮৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



