সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হবে

‘সিলেটের শিক্ষা উন্নয়নে সিটি করপোরেশন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ খাতে আরো বিস্তৃত উদ্যোগ গ্রহণ করা হবে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট সিটি করপোরেশন পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী
সিলেট সিটি করপোরেশন পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী |নয়া দিগন্ত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের শিক্ষা উন্নয়নে সিটি করপোরেশন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ খাতে আরো বিস্তৃত উদ্যোগ গ্রহণ করা হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ আধুনিকায়ন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরের ৮ নম্বর ওয়ার্ডস্থ সিলেট সিটি করপোরেশন পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক আরো বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি ৮ নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার আশ্বাস দেন। পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং গৃহকর যথাসময়ে পরিশোধ করার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: আলী আকবর এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান।

এ সময় উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস শহীদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বাচ্চু মিয়া, ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: রিয়াজ আহমদ, সাবেক কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সিটি করপোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কদর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলওয়ার হোসেন জয়, সাবেক মেম্বার তারেক মিয়া, সৈয়দ বদরুল আলম, কাউছার আহমদ, মো: মিনহাজ পাঠান, মো: ফয়জুল হক প্রমুখ।

এর আগে সিসিক প্রশাসক ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।